
মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি এই প্রত্যয়কে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ জুন) সকালে হাটুভাঙ্গা এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক মিছিল হাটুভাঙ্গা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের সভাপতি আনোয়ার ভান্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সূর্য তরুণ যুব সংঘের প্রধান উপদেষ্টা কবির সিকদার, আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের সিকদার, আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি বোখারী, মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান শাহিন, আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন সিকদার এবং মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা হাসান কামরুল জনি, মাসুম সিকদার, জহিরুল সিকদার, সৌরভ সিকদারসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের অন্যতম প্রধান সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার হচ্ছে, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয় প্রয়োজন সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাটুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের সাধারণ সম্পাদক রনি হাসান। সমাবেশ শেষে আয়োজকরা ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]