
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের তদারকি এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠিত ব্যবস্থাপনা কমিটির নেতৃত্ব দেবেন তিনি।
টাঙ্গাইলের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা লাভে উপকৃত হবেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]