
মাদকের হটস্পট-ডিপো হিসেবে খ্যাত সাভার পৌরসভার বেদেপাড়া এলাকায় থানার পুলিশের উপর হামলা করে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় স্থানীয়রা মাদক ব্যবসায়ী রফিকুলকে আটক করে সাভার মডেল থানায় খবর দিলে ওসি অপারেশন হেলাল উদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ সাভারের পোড়াবাড়ী বেদেপল্লীতে যান। পরে মাদক ব্যবসায়ী রফিকুলকে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
এরআগে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামিসহ হত্যা, মাদক, চুরি, হত্যাচেষ্টা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার (১০ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। ঘটনার পরপরই জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ।
উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্তারপুর পোড়াবাড়ি এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলাম (২৮)-কে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বক্তারপুর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যরা রফিকুল ইসলামকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করলে তিনি তার সহযোগীদের ডাকাডাকি করে ঘটনাস্থলে জড়ো করেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশের অভিযানে বাধা সৃষ্টি করে এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে।
জানা গেছে, পুলিশের পরিচয় দেওয়া ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা সত্ত্বেও রফিকুল ইসলাম ইট দিয়ে সাভার মডেল থানার এসআই এস এম শামীমের মুখে আঘাত করেন। এতে তিনি মুখ ও ঠোঁটে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করতে গেলে এএসআই মশিউর রহমানকেও লাঠি, রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের ওপর আরও আক্রমণ চালায় এবং ভবিষ্যতে অত্র এলাকায় আসামি গ্রেফতারের চেষ্টা করলে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]