
ভবিষ্যৎ প্রজন্মকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে ভেজাল পণ্য, প্রতারণা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য আদায়সহ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ভোক্তাদের অধিকার রক্ষায় বিদ্যমান আইন সম্পর্কে সবার জানা জরুরি। কোনো ব্যক্তি ভেজাল পণ্য ক্রয়, ওজনে কম দেওয়া, প্রতারণা কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের শিকার হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অভিযোগকারীও নির্ধারিত হারে জরিমানার অর্থের অংশ পাওয়ার সুযোগ পান।
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নাগরিক ও নেতৃত্বের ধারক। তাদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি দায়িত্বশীল, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। নিজেদের অধিকার জানার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ভোক্তা অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে এবং নিজেদের মতামত তুলে ধরে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। তাদের মতে, ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে পারলে সমাজে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত গড়ে উঠবে।
বিবার্তা/বাবু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]