
ফসলি জমির মাটি কাটা বন্ধে স্থানীয় সংসদ সদস্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে অব্যাহত রয়েছে তিন ফসলি কৃষিজমির মাটি কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগ। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় সোনাটেংরা ঈদগাহ মাঠ সংলগ্ন মানিকনগর-সিরাজপুর সড়কের পাশে ‘চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাধবপুর, বাগুলি, সোনাটেংরা, চালিতাপাড়া ও রিফায়েতপুর গ্রামের প্রায় দুই শতাধিক কৃষক, জমির মালিক ও ভুক্তভোগী অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তারিকুর রহমান আলাল। বক্তব্য দেন মশিউর রহমান দুলাল, ইসমাইল হোসেন, আবু আম্মার লিটন দেওয়ান, আবিদা সুলতানা, মাওলানা আজাহার, ইদ্রিস আলী, আবুবকর ও আরিফ হোসেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ ইটভাটা ও মাদক ব্যবসার কারণে পরিবেশ, কৃষি উৎপাদন ও জনজীবন হুমকির মুখে পড়েছে। একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তারা।
মানববন্ধন থেকে অবৈধ মাটি কাটা, ইটভাটা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বলেন, ফসলি জমির টপসয়েল কাটার বিষয়ে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অভিযোগ পাওয়া মাত্রই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ফসলি জমির মাটি কাটা বন্ধে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। তবে এলাকাবাসীর দাবি, ওই ঘোষণার পরও মাঠপর্যায়ে মাটি কাটা বন্ধ হয়নি।
বিবার্তা/হাবিবুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]