
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির ঘটনায় গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক চোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বান্দাইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তার আরও ৪/৫ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিল।
অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় ৪ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে রাজীব পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে আটক করতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে হাকিম আলী মাথার ডান পাশে আঘাতপ্রাপ্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রাজীবকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর মধ্যে প্রচলিত রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/হাবিবুর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]