টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২২:২২
টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মেরিয়াঘোনা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।


নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার মাদারখোলা গ্রামের বাসিন্দা খালেদুল ইসলাম এবং তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে খাদিজা আক্তার।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আকাশে কালো মেঘ জমে বৃষ্টিপাত শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় খালেদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে মেরিয়াঘোনা এলাকায় পৌঁছান।
বৃষ্টির কারণে পরিবারের অন্যান্য সদস্য দ্রুত আত্মীয়ের বাড়ির ভেতরে আশ্রয় নেন। তবে খালেদুল ইসলাম ও তার মেয়ে খাদিজা কিছুটা পরে সিএনজি অটোরিকশা থেকে নামেন। বাড়ির দিকে কয়েক গজ এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটি বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।


স্থানীয়রা জানান, আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একসঙ্গে দুই সদস্যকে হারিয়ে স্বজনরা ভেঙে পড়েছেন। নিহতদের বাড়িতে চলছে কান্নার মাতম। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান।


দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ জানান, খালেদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় বৃষ্টি শুরু হলে পরিবারের অন্য সদস্যরা দ্রুত নিরাপদ স্থানে চলে যান। কিন্তু খালেদুল ইসলাম ও তার মেয়ে সিএনজি থেকে দেরিতে নামায় বজ্রপাতের শিকার হন।


দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা সুলতানা যূথি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে খালেদুল ইসলাম ও তার মেয়ে খাদিজার মৃত্যু ঘটে। তিনি বলেন, খাদিজা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই সময়ে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বজ্রপাতে আরও দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com