গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
উত্তপ্ত নলীন-জগৎপুরায় অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১১:২৮
গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হয়েছেন। সংঘর্ষ-পরবর্তী উত্তেজনা ছড়িয়ে পড়ায় এবং নতুন করে সহিংসতার আশঙ্কায় উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।


শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব প্রতিষ্ঠা নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের ব্যবহার, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।


নিহতের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হেমনগর এলাকায় মাইকিং করে স্থানীয়দের যার যার অস্ত্র নিয়ে নলীন বাজারে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।


পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। নলীন ও জগৎপুরা এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।


টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার জানান, এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


এদিকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ীদের শনাক্তে কাজ শুরু করেছে প্রশাসন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com