সারাদেশ
শিবগঞ্জে ইভটিজিং-মাদক-নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর বার্তা
অপরাধী যে দলেরই হোক ছাড় নয় : এমপি কেরামত
প্রকাশ : ০২ জুন ২০২৬, ২০:৫২
অপরাধী যে দলেরই হোক ছাড় নয় : এমপি কেরামত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী সম্প্রতি ইভটিজিং, নারী হেনস্তা ও বিভিন্ন সামাজিক অপরাধ সংক্রান্ত একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) সকালে শিবগঞ্জ থানায় গিয়ে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


বৈঠকে সংসদ সদস্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ইভটিজিং, নারী হেনস্তা ও এ ধরনের সকল ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


তিনি বলেন, “আমাদের শিবগঞ্জে যেন একটি মেয়ে, মা কিংবা বোনও অনিরাপদ বোধ না করে। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিবগঞ্জে এসব কোনোভাবেই চলবে না।”


মাদক কারবার ও মাদকসংশ্লিষ্ট অপরাধ দমনের বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি। প্রশাসনকে নির্দেশনা দিয়ে বলেন, শিবগঞ্জ থেকে মাদক ব্যবসা এবং এর সঙ্গে জড়িত সব ধরনের অপতৎপরতা সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।


অপরাধ দমনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সমানভাবে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সে যে দলেরই হোক, যদি আমার দলেরও কেউ জড়িত থাকে, তাহলেও তার বিরুদ্ধেও সমানভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”


এ সময় শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।


সংসদ সদস্য আরও বলেন, কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে প্রশাসনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা ছাড় দেওয়া যাবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।


স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এ কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এ উদ্যোগের ফলে শিবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা আরও নিশ্চিত হবে।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com