হাটের জায়গা ছেড়ে মহাসড়কে গরুর হাট
প্রকাশ : ২৫ মে ২০২৬, ২১:২৫
হাটের জায়গা ছেড়ে মহাসড়কে গরুর হাট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের একটি লেন বন্ধ করে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে, ইতোমধ্যে একবার সড়ক থেকে পশু সরানোর কথা জানিয়েছেন ইজারাদার। আবারও এসব পশু সরানোর উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি। আর মহাসড়ক থেকে হাট সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


সোমবার (২৫ মে) সকাল থেকে হাট বসানোর পরপরই এমন পরিস্থিতি তৈরি হয়।


বিকেলের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনের পাশে সরকারি ইজারা ভুক্ত একটি হাট বসানো হয়েছে। ইজারা অনুযায়ী মহাসড়ক থেকে হাটের দূরত্ব কয়েক গজ দূরে হলেও হাটের স্থান ছাড়িয়ে পশু বেঁধে রাখা হয়েছে মহাসড়কের ওপরেও।


সেখানে আরও দেখা যায়, বাথুলি বাসস্ট্যান্ডের স্টপেজ থেকে সড়ক বিভাজকের শেষ পর্যন্ত প্রায় ২০০-২৫০ ফুট দৈর্ঘ্যের সড়ক পুরোটাই বন্ধ হয়ে পড়েছে। সড়ক বিভাজকের লোহার রডের সঙ্গেও কেউ কেউ গরু বেঁধে রেখেছেন। সড়কের দুই পাশে ইজারাদারের নিয়োগ করা কর্মীবাহিনী কাজ করছেন। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। চাপ পড়েছে মূল লেনে। এতে তৈরি হয়েছে ধীরগতি। এছাড়াও পশুবাহী ট্রাকের সড়ক পারাপারের কারণে প্রায়ই তৈরি হয়েছে কয়েকশ মিটারের যানজট।


বিকেল ৫টার দিকে সড়কে প্রায় ২০-২৫ মিনিট ধরে যানজটের সৃষ্টি হয়। এই যানজটে আটকা পড়া সেলফী পরিবহনের চালক মোখলেছুর রহমান বলেন, গরু সড়কে বেঁধে রাখা হয়েছে। ছোট লোকাল গাড়িও মূল সড়কে। আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এজন্য যানজট তৈরি হয়েছে।” অবিলম্বে সড়ক খুলে দেওয়ার দাবি জানান তিনি।


বাথুলি এলাকার বাসিন্দা কামরুল আহসান বলেন, হাটের জায়গা ছেড়ে গরু এখন সড়কেও বেধে রাখা হয়েছে। এতে এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। মূল সড়ক থেকে বাজারেও যাওয়া যাচ্ছে না।


এদিকে কোরবানির পশু হাট ছাড়িয়ে সড়কে আসার বিষয়টি স্বীকার করে বাথুলি কোরবানির পশুর হাটের ইজারাদার রেজওয়ানুর রহমান চৌধুরী রবিন বলেন, ‘‘আমি একটা কাজে দূরে আছি। ইতোমধ্যে একবার সরিয়েছি। বাৎসরিক টেন্ডারের মাধ্যমে হাঁটটি নিয়েছি। আমি নিজে একবার ওখানে থেকে সরিয়ে দিয়েছি। তারপরও হয়তো এসেছে। আমি লোক দিয়ে সরিয়ে দিচ্ছি।”


ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ‘‘আমি ওখানে পরিদর্শন করেছি। মূল সড়ক খোলা আছে। লোকাল লেনের একপাশে গরু রাখা হয়েছে। আমি যাওয়ার পর ইজারাদারকে ডেকে বলেছি। ওখানে মূলত মূল যে মহাসড়ক সেখানে গরু রাখা হয়নি। লোকাল লেনে বসানো হয়েছে। তাদের বলা হয়েছে, গরু না বসানোর জন্য। আমি নির্দেশ দিয়ে এসেছি। তারা বলেছেন, তারা এটা সরিয়ে দেবে। আমি সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলাম।”


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com