
ঋণ গ্রহণের পর তা পরিশোধ না করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, আমাদের দেশে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণের পর তা পরিশোধ না করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। এ ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। বিআরডিবিকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার(১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাসাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইউসুফ আলী খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা এবং বিআরডিবি টাঙ্গাইলের উপপরিচালক আবদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বিআরডিবির চেয়ারম্যান মো. ইউসুফ আলী খান বিগত বছরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের পর্যালোচনা, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম। এতে স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ ও সমিতির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]