
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেফতার ও বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জুলাই হামলায় জড়িত ও মদদদাতা অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।
মঙ্গলবার (১৯ মে) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা ও সভাপতি জিয়াউদ্দিন আয়ান। বক্তারা বিশ্ববিদ্যালয়ের চলমান নিরাপত্তা পরিস্থিতি, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে ধীরগতি এবং জুলাই হামলার বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন।
জাবি ছাত্রশক্তির সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পরও এখন পর্যন্ত অপরাধী গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। একইসঙ্গে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশাসনের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিনেও প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদ পূরণ করা হয়নি। ফলে বহিরাগতদের নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।’
জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কথার পরিবর্তে কার্যকর পদক্ষেপ নিক। জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় তা উপস্থাপন করতে হবে।’
তিনি অভিযোগ করেন, বিচারপ্রক্রিয়া বিলম্বিত হলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। একইসঙ্গে প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর থেকেই বিচারের দাবিতে ক্যাম্পাসে ধারাবাহিক বিক্ষোভ, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি চলছে। একইসঙ্গে জুলাই-আগস্টের হামলায় জড়িতদের বিচার দাবিতেও বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে।
বিবার্তা/স্বাতী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]