
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটা ও সীসা তৈরির কারখানার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ মোবাইল কোর্টে ৭টি অবৈধ ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করে এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং র্যাব-৫। সদর উপজেলার মরা পাগলা এলাকায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৭টি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি ইটভাটার কিলন ভেঙে ফেলা হয়। এ সময় কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের কারণ হয়ে উঠেছিল।
অন্যদিকে সদর উপজেলার ফুলতলা কোচলাপাড়া এলাকায় “মেসার্স আলতা প্লাস্টিক এন্ড মেটাল” নামে একটি সীসা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানাটি পরিচালিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে নেসকো-১ এর সহায়তায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাওয়ান-উল-ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]