
গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক কর্মী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে মায়ের কাছে ক্ষমা চেয়ে কিছু আবেগঘন কথা লেখা ছিল।
নিহত সুনিল রবি দাস (২৬) ঢাকা মহানগরীর হাজারীবাগ থানার গণকতুলী বিডিআর ১ নম্বর গেট এলাকার মৃত শ্রী লাল চন্দ্র রবি দাসের ছেলে। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পিয়ন পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি মাজুখান এলাকা অতিক্রম করার সময় সুনিল হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে দুটি মোবাইল নম্বর এবং মায়ের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে কয়েকটি কথা লেখা ছিল।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. সোহেল মিয়া জানান, সুনিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ফাউন্ডেশনে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার বড় ভাই অফিসে খোঁজ নিতে এলে বিষয়টি জানাজানি হয়।
নিহতের সহকর্মী আব্দুর রহিম জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণে সুনিল বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন এবং প্রেমিকার সঙ্গেও কিছু সমস্যা চলছিল। এসব কারণে তিনি এমন চরম পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। তবে তার স্ত্রী উপস্থিত না থাকায় এবং ঘটনার সাথে ব্যক্তিগত কিছু জটিলতা জড়িত থাকায় আমরা এখনই মরদেহ হস্তান্তর করছি না। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]