
চাঁপাইনবাবগঞ্জের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জেলা কার্যালয় ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা ১০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে সওজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, মহানন্দা সেতুর টোল আদায়ের জন্য নতুন করে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ নাগরিকরা সওজ কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয় ঘেরাও করে পাশের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভ সমাবেশে জেলা নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা, ছাত্র জনতা মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং জেলা সিএনজি ও অটোবাইক সমিতির সভাপতি মো. আজগর আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, জনগণের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে পুনরায় সেতুটি ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। তারা জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের সঙ্গে একাধিক বৈঠক হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।
এ সময় অবিলম্বে মহানন্দা সেতুকে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম নয়ন, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির আহমেদ, ব্যবসায়ী মো. রায়হানুল ইসলাম লুনা এবং শিক্ষক নেতা মো. ফিরোজ কবিরসহ অনেকে।
পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]