
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং ধর্ষণচেষ্টাকারীর দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এ মানববন্ধন থেকে উপাচার্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
দর্শন বিভাগ শিক্ষার্থী সংসদের সাবেক ভিপি রাসেল আকন্দ বলেন, একটি সংগঠনের কিছু শিক্ষার্থী মাননীয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, উপাচার্য দীর্ঘদিন ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এমনকি যখন অনেকে রাজনীতি বোঝেনি বা ক্যাম্পাসে আসেনি, তখনও তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ ধরনের ‘মববাজি’র বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, সাম্প্রতিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সকলের একমাত্র দাবি হওয়া উচিত ছিল অভিযুক্তের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী মূল বিচার দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রশাসনিক পদত্যাগের ইস্যুকে সামনে এনেছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের আগে থেকেই উপাচার্য শিক্ষার্থীদের পক্ষে এবং আওয়ামী দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমন একজন শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসমাজ ও আন্দোলনকারীদের জন্য লজ্জাজনক।
মানববন্ধনে দর্শন বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী রুবিনা জাহান তিথি বলেন, শিক্ষার্থীরা সবসময় ন্যায্য দাবিতে কথা বলবে এবং আন্দোলন করবে। তবে সেই আন্দোলনের ভাষা অবশ্যই হতে হবে মার্জিত, শালীন ও দায়িত্বশীল। তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যদি আমরা একজন শিক্ষকের সঙ্গে সম্মানজনক আচরণের সীমা ভুলে যাই, তাহলে তা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।
উল্লেখ্য, গত ১৬ মে রাত ২টার দিকে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রক্টরের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় কথাকাটাকাটির একপর্যায়ে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং তাকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করে।
বিবার্তা/স্বাতী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]