দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭:৩৭
দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী দুই মাসের মধ্যে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


রবিবার (১৭ মে) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে অধিকতর সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


মাননীয় আইজিপি নির্দেশনা উল্লেখ করে তিনি বলেন, "পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।"


মোহাম্মদ ফয়েজুল কবির আশ্বাস দেন যে—মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেন কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির সম্মুখীন না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


সভায় আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন নতুন কমিশনার। রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)।


মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, মো. গাজিউর রহমান, পিপিএম, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি)।


এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com