মিথ্যা মামলার অভিযোগে গোপালপুরে তোলপাড়, আদালতে হলফনামা দিলেন বাদীর ভাই
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৭:১৫
মিথ্যা মামলার অভিযোগে গোপালপুরে তোলপাড়, আদালতে হলফনামা দিলেন বাদীর ভাই
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যুবদল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে বাদীর ভাই ও পরিবারের পক্ষ থেকে আদালতে হলফনামা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমিনা খাতুন (২২) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল উদ্দিন ওরফে রাবন (৪০) এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোমান আহম্মেদ (৩০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে ১৫ এপ্রিল গোপালপুর থানা মামলাটি রেকর্ড করে।


এরপর ১৬ এপ্রিল বাদীর বড় ভাই মো. আলম মিয়া ও পরিবারের সদস্যরা টাঙ্গাইল আদালতের মাধ্যমে একটি নোটারী পাবলিক হলফনামা সম্পন্ন করেন। যার রেজিস্ট্রি নম্বর- ২০৪৭/২০২৬। তারা হলফনামার কপি গোপালপুর থানায় জমা দেওয়ার কথাও জানিয়েছেন।


বাদীর ভাই মো. আলম মিয়া দাবি করেন, তার বোনের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন,ঘটনার দিন ও সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি। আমার বোন এলাকায় ঝগড়াটে ও উশৃঙ্খল স্বভাবের। রাজনৈতিক প্রভাবশালী মহলের প্ররোচনায় এ মামলা করা হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরে বাদীর স্বামী ইমরান আমিনাকে দিয়ে অশ্লীল কর্মকাণ্ড ও মিথ্যা মামলা করিয়েছেন। বিষয়টি ইমরানের পরিবারের সদস্যদের জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি বলেও দাবি করেন তিনি।


এছাড়া মামলার আসামিরা বাদীপক্ষকে কোনো ধরনের ভয়ভীতি দেখাননি বলেও উল্লেখ করেন আলম মিয়া। তার ভাষ্য,আমিনা যখন খুশি এলাকায় আসতে পারবেন। তাকে কেউ বাধা দেবে না।
এ বিষয়ে গোপালপুর থানা-র ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি আগে জানা ছিল না। ওসি স্যারের মাধ্যমে কপিটি পেয়েছি।


গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নোটারী পাবলিকের কপি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com