
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুর পারে মাটিতে পুঁতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার দৌলতদিয়া পরশউল্লাহ পাড়া এলাকার আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার।
স্বামী আমজাদ শেখ জানান, গত (৪ মে) চর দৌলতদিয়া হাট এলাকার এক আত্নীয়ের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে গিয়েছিল তার স্ত্রী ও মেয়ে। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
স্থানীয় লোকজন বলেন, দুপুরের দিকে পুকুরের পাড় থেকে দুর্গন্ধ আসায় মাঠে কাজ করা কয়েকজন কৃষক এগিয়ে যান। তারা পুকুর পাড়ের মাটিতে পুঁতে রাখা মানুষের এক পা বের হওয়া অবস্থায় দেখতে পান। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে থানার পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় মাটি খুঁড়ে প্রথমে মেয়ে এবং পরে মায়ের লাশ উদ্ধার করে।
উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য খবির হোসেন বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জ্যোতিন বোদ্যিরপাড়া এবং ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনসারডাঙ্গী গ্রাম পাশাপাশি। যে পুকুর পার থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেটা আনসারডাঙ্গী গ্রামের হাকিম উল্লাহর পুকুর। তবে মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক দুর্গন্ধ পেয়ে উৎস খুঁজতে গিয়ে লাশের পা দেখতে পায়। পরে পুলিশ মাটি খুড়ে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, প্রথমে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুকুর পাড়ে মাটি খুড়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। স্থানটি ফরিদপুরের কোতোয়ালি থানার ভেতর হওয়ায় লাশ তারা নিয়ে গেছে। আইনগত ব্যবস্থা কোতোয়ালি থানা পুলিশ নিবেন।
তিনি আরও বলেন, কিছু দিন আগে নিহতের স্বামী আমজাদ শেখ থানা এসে স্ত্রীর নামে মৌখিক অভিযোগ করেন। তার স্ত্রী এক লাখ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে গেছে। এর পরে নিহতের পিতাও আসেন থানায়, তার অভিযোগ জামাই মেয়েকে মারধর করে অন্যত্র লুকিয়ে রাখছে।
মিঠুন গোস্বামী /রাজবাড়ী প্রতিনিধি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]