
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় মুন্না (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে গতকাল তার বোন কথা (৪) এবং সোমবার বাবা মীর কালাম (৩৫) মারা যান।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মুন্নার মা সায়মা ৬০ শতাংশ এবং বোন মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে গত রবিবার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে হঠাৎ ওই বাসায় বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বালুকদিয়ে গ্রামে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]