
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী হামে আক্রান্ত এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন (র্যাবিক্স) প্রয়োগের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবার।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আক্রান্ত শিশুটির নাম ফাতিহা।
পরিবার সূত্রে জানা যায়, হামে আক্রান্ত শিশুটিকে নিয়মিত টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যান তার মা মৌ আক্তার। সাধারণত হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু টিকা প্রদান করলেও তিনি উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদের নির্দেশে পিআরএল-এ থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয়।
অভিযোগ রয়েছে, নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন (র্যাবিক্স) পুশ করা হয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শক রূঢ় আচরণ করেন বলেও অভিযোগ করেন শিশুটির মা।
মৌ আক্তার বলেন,আমার শিশুকে নিয়মিত টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে অন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর থেকে শিশুটি অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি চাই।
এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুল স্বীকার করে বলেন, অসতর্কতাবশত ভুল ভ্যাকসিন প্রয়োগ হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও অসতর্কতামূলক একটি ভুল। আরও সতর্ক হওয়া উচিত ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, এতে শিশুটির বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফএম মাহবুবুল আলম জানান, ঘটনাটি জানার পরপরই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভুলবশত প্রয়োগ করা ভ্যাকসিনে তাৎক্ষণিক বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই। এরপরও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন গাফিলতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]