
ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামে এক যুবককে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা করে তার বন্ধু শাহাদাৎ হোসেন (২৫)। ঘটনার পর ঘাতক শাহাদাৎ পালিয়ে গেলে তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার (১০ মে) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার কোনাপাড়া হারুন গেট এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেনের বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। তবে ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া হারুন গেট এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ গুরুতর আহত হয় এবং পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । এ ঘটনায় ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়।
এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সাথে ঘাতক শাহাদাৎকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]