চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন করায় লক্ষ্মীপুরের আনন্দ মিছিল
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৫:৫৬
চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন করায় লক্ষ্মীপুরের আনন্দ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে অভিনন্দন জানিয়ে এ মিছিল করা হয়।


বৃহস্পতিবার (৭ মে) রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ আয়োজন করা হয়।


মিছিলে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।


চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আজ সবাই খুশি। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চন্দ্রগঞ্জকে উপজেলা করার ক্ষেত্রে পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সর্বোচ্চ ভূমিকা রাখায় তাকেও অভিনন্দন জানাচ্ছি।


প্রসঙ্গত, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯ টি ইউনিয়নকে সংযুক্ত করে চন্দ্রগঞ্জ পৃথক থানা ঘোষণা করা হয়। সদরের পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী। থানা ঘোষণার পর হতেই স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণা করার।


বিবার্তা/সুমন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com