
সাভারে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে এক শিক্ষার্থীকে হত্যার চেষ্টা করেছে সেলফি পরিবহন। এঘটনায় সেলফি পরিবহনের ১২টি যাত্রীবাহী বাস আটক করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইর থানা বাসষ্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০-২১ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন ধামরাই সরকারি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য সাভারের থানা বাসষ্ট্যান্ড থেকে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠেন। এসময় স্টুডেন্টস ভাড়া নিয়ে তার সাথে বাসের কন্ট্রাকটার ও হেলপারের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ধামরাই থানা বাসষ্ট্যান্ড এলাকায় বাসটি পৌছলে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ওই শিক্ষার্থীকে ফেলে দিয়ে বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিক্যালে ভর্তি করে। এঘটনায় সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে চলন্ত গাড়ি থেকে শিক্ষার্থীকে ফেলে দেওয়ার কথা শোনা গেলে তার সহপাঠীরা ক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহনের ১২টি বাস আটক করে কলেজে নিয়ে আসেন। এখন পর্যন্ত বাসগুলো আটক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষার্থীরা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহন আতঙ্কের নাম। এমন কোন দিন নেই যে তারা মহাসড়কে সড়ক দুর্ঘটনা না ঘটায়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, সেলফি পরিবহন কর্তৃপক্ষকে আসার জন্য বলা হয়েছে তারা আসলে বিষয়টি সমাধান করা হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]