
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে হাজী মাজার বস্তি, কেরানীর টেক সহ বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এসময় হাজী মাজার বস্তিতে শীতাতপনিয়ন্ত্রিত একাধিক কক্ষ ও সুরঙ্গপথের সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই বিশেষ অভিযান চলে।
পুলিশ জানায়, টঙ্গী মাজার বস্তিতে মাদকবিরোধী মেরাথন অভিযান চলছে। ধারাবাহিকভাবে চলমান অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত চলা অভিযানে ৫০ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার হয়েছে।
অভিযানকালে পুলিশ বস্তিতে একাধিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে। এসব বিলাসী কক্ষ ও কক্ষের সাথে সংযুক্ত একাধিক সুরঙ্গপথের সন্ধান পায় পুলিশ। তালাবদ্ধ এসব রুমের ভেতর প্রবেশ করে মাদকও মাদক সেবনের আলামত জব্দ করা হয়। নামিদামি লোকেরা এখানে মাদক সেবন করতে আসে বলে পুলিশের ধারণা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ১৬ জন ও গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক ২ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে বলে জানান।
অভিযানের বিষয়ে নেতৃত্ব দেয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদক পুরোপুরি নির্মূলে কাজ চলছে। আজ মাদক বিক্রয়কেন্দ্র গুলো সিলগালা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]