
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে শহরের বটতলায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে গণমাধ্যম। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা এখন সময়ের দাবি। সমাজে গুজব, বিভ্রান্তি ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ও পেশাদার ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এজন্য গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় সরকার, প্রশাসন, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ও ডেইলি অবজারভার-এর সাংবাদিক সাজ্জাদ হোসেন লিংকন, আনোয়ার হোসেন নয়ন, রুহুল আমীন এবং আবু কাওছার প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়,এটি সাংবাদিকদের দায়িত্ব, অধিকার ও পেশাগত মর্যাদা নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিবার্তা/বাবু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]