
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।
তিনি জানান, দুপুর ২টার দিকে কাঁচপুর সেতুর ঢালে ওপর একটি খালি ট্রাক পেছন থেকে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন। এসময় তার সঙ্গে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ট্রাকে আগুন জ্বলতে থাকলে মহাসড়কে অন্যান্য যানবাহনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলে শিমরাইল হাইওয়ে পুলিশ আগুনে পোড়া ট্রাকটি জব্দ করে।
শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, আহত মোটরসাইকেল আরোহী বা তার সাথের লোকজনের নাম পরিচয় জানা যায় নি। আমরা স্থানীয় লোকজনসহ বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছি। ধারণা করা হচ্ছে আহত ব্যক্তির সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে কোনো একটি হাসপাতালে নিয়ে গেছে। তবে কোথায় নিয়ে গেছে সেটা এখনও নিশ্চিত হতে পারিনি। এছাড়া ট্রাকের চালককেও পাওয়া যায় নি। সম্ভাবত আগুন দেয়ার পর সে পালিয়ে গেছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]