মহান মে দিবসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৫:৩৭
মহান মে দিবসে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শ্রমিক অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি।
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, টাঙ্গাইলের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ও টাঙ্গাইল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।


দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাবেত হয়। র‍্যালির মাধ্যমে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরা হয়।


শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শ্রমিক কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম পিপিএম-সেবা।


বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমিকদের পরিশ্রম, ঘাম ও অবদানের ওপরই দাঁড়িয়ে আছে দেশের শিল্প ও অর্থনীতি। তাই তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।


তারা আরও বলেন, আধুনিক বিশ্বে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে টিকে থাকতে হলে দক্ষ ও সুস্থ শ্রমশক্তির বিকল্প নেই। এজন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয়।


আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দৃঢ় প্রত্যয়।


মহান মে দিবসের এই আয়োজন টাঙ্গাইলে শ্রমিক-মালিক-প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বার্তা পৌঁছে দেয় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com