কিশোরগঞ্জে অপরিকল্পিত স্লুইসগেটে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে ১২০০ হেক্টর জমির ফসল
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২০:২২
কিশোরগঞ্জে অপরিকল্পিত স্লুইসগেটে ভয়াবহ জলাবদ্ধতা, পানির নিচে ১২০০ হেক্টর জমির ফসল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জে অপরিকল্পিতভাবে নির্মিত বারইখালী স্লুইসগেট ও রামদিয়া-বারইখালী খাল দখল করে অবৈধ বাঁধ নির্মাণের ফলে হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী ৮টি বিলে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কৃষকের হাজার হাজার হেক্টর জমির বোরো ধানসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। মারাত্মক এই জনভোগান্তিতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক পরিবার।


সরেজমিনে দেখা যায়, হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী পানান বিল, জলধার বিল, পুমদির পায়ফুটা বিল, লাখুহাটি বিল, জগদলের বিল চাতল, মাধখলার ডাঙ্গুরি বিল, হারেঞ্জার বিল ও বগারার বিলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। মাঠের পর মাঠ পাকা ধান পানির নিচে পচে নষ্ট হচ্ছে। অনেক কৃষক হাঁটু পানিতে নেমে আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না।
ক্ষতিগ্রস্ত কৃষক আলী রেজা মুরাদ বলেন, সারা বছরের খোরাকির ধান এই বিলেই করি। স্লুইসগেটের কারণে পানি নামতে পারে না। আমার ৩ একর জমির সব ধান পানির নিচে। এখন ছেলে-মেয়ে নিয়ে কী খাবো?


বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কিশোরগঞ্জের জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম জুয়েল সরেজমিনে জলাবদ্ধতার মূল কারণ অনুসন্ধান করে বলেন, এই ভয়াবহ জলাবদ্ধতার মূল কারণ দুটি: অপরিকল্পিত স্লুইসগেট: রামদিয়া বারইখালী খালের উপর নির্মিত বারইখালী স্লুইসগেটটি সম্পূর্ণ অপরিকল্পিত। স্থানীয়রা এটিকে মরণ ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন। গেটগুলো প্রয়োজনের সময় খোলা হয় না, আবার পলি জমে অধিকাংশ গেট বন্ধ হয়ে গেছে। ফলে বিলের পানি নিষ্কাশন হতে না পেরে উল্টো জমিতে প্রবেশ করছে।


আরেকটি কারণ হলো, খাল দখল ও অবৈধ বাঁধ: প্রভাবশালীরা রামদিয়া-বারইখালী খাল দখল করে মাছের পুকুর ও ঘের নির্মাণ করেছেন। পানি নিজস্ব ঘেরে আটকে রাখতে তারা খালের বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ দিয়েছেন। এতে খাল দিয়ে পানির স্বতঃস্ফূর্ত প্রবাহে বাঁধা সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।


এই মানবসৃষ্ট দুর্যোগ থেকে বাঁচতে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের জোর দাবি জানিয়েছেন।


স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কৃষক নেতা মো. সিদ্দিকুর রহমান বলেন, এই স্লুইসগেট কোনো উপকারে আসছে না, বরং হাজারো কৃষকের সর্বনাশ করছে। আমরা আর কোনো আশ্বাস চাই না, দ্রুত সমাধান চাই।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জলাবদ্ধতায় প্রায় ১,২০০ হেক্টর বোরো জমি আক্রান্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।


হাজারো কৃষকের জীবন-জীবিকা রক্ষায় অবিলম্বে স্লুইসগেট অপসারণ ও খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবি এখন হোসেনপুরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com