
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাশ মাছ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
জানা গেছে, সোমবার গভীর রাতে এরশাদ হলদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে ভোরের দিকে বিশাল আকৃতির পাঙাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। বড় আকারের মাছটি এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
উন্মুক্ত নিলামে মাছটি প্রথমে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, তিনি নিলাম থেকে মাছটি কিনে কেজিতে ৫০ টাকা লাভে কুষ্টিয়ার পোড়াদহে মোট ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছেন। তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর নদীতে এত বড় পাঙাস পাওয়া গেছে। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়। বর্তমানে আমরা বেশিরভাগ মাছ অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে বিক্রি করি।”
স্থানীয়দের মতে, পদ্মা-যমুনার মোহনায় বড় আকৃতির মাছ ধরা পড়ার ঘটনা এখন অনেকটাই বিরল হয়ে গেছে। তাই এমন বড় পাঙাস মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]