
নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাতাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছেন প্রেমিক সাজ্জাতের স্বজনরা।
রবিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) মাধবদী পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।
আহতের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের সম্পর্ক চলছিল। সম্প্রতি ফারজানা প্রেমিক সাজ্জাদের সঙ্গে পালিয়ে যায়। ফারজানার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
রবিবার সকালে আবারও প্রেমিক সাজ্জাতের কাছে চলে গেলে প্রেমিকার ভাই, চাচাসহ লোকজন সাজ্জাদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এলে তাদের আটকে দেওয়া হয়। এতে ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম পুড়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেলেও স্থানীয় লোকজনের বাধায় আগুন নেভানোর কাজে অংশ নিতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটেছে। এরই জেরে মাধবদীর প্রেমিকার বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]