সারাদেশ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
‘কৃষক ও খামারীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি’
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫০
‘কৃষক ও খামারীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও উন্নতমানের বীজ এবং ৩৫০ জন খামারীর মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারের চলমান কৃষি প্রণোদনা ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।


শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষক ও খামারীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উৎপাদন বাড়াতে এবং আধুনিক কৃষি ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।


তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে উৎপাদন বাড়লে শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে।


সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রনী বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি কৃষক ও খামারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান এবং সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন।


কর্মসূচিতে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের সার ও উচ্চ ফলনশীল ফসলের বীজ বিতরণ করা হয়। অন্যদিকে খামারীদের মাঝে গবাদিপশুর খাদ্য, ভ্যাকসিন, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও খামার ব্যবস্থাপনা উন্নত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম কৃষক ও খামারীদের আর্থিক ঝুঁকি কমাতে সহায়তা করে এবং তাদের উৎপাদন কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগায়। পাশাপাশি এটি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও খামারীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com