
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে আবারও পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নিকটবর্তী জেলা হিসেবে টাঙ্গাইল একসময় সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেছিল। কিন্তু নানা কারণে সেই অবস্থান অনেকাংশে হারিয়ে গেছে। সাহিত্যচর্চা বৃদ্ধি, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই হারানো গৌরব পুনরুদ্ধার করা সম্ভব।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে খুব অল্প সময়ের মধ্যেই টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে প্রতিষ্ঠা করা যাবে। এ ক্ষেত্রে স্থানীয় ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও আধুনিক ধারার সমন্বয় ঘটানো জরুরি।
টাঙ্গাইলকে কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে টুকু বলেন, অতীতে টাঙ্গাইলকে সন্ত্রাসের নগরী হিসেবে চিহ্নিত করার অপবাদ থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো অপরাধী গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, একটি জেলার উন্নয়ন এককভাবে সম্ভব নয়; সবার অংশগ্রহণ ও সহযোগিতাই পারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে।
কবি মাহমুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব। এতে আরও বক্তব্য রাখেন কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদলসহ অন্যান্য সাহিত্যিকরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন এবং কবিতা পাঠের মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]