
টাঙ্গাইলের নাগরপুরে আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার (২২ এপ্রিল) তারা নিজ নিজ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের পুনর্বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ আগামী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দায়িত্ব গ্রহণের পর মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের আস্থা ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার অঙ্গীকার।
অন্যদিকে মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। তিনি এ রায়ের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]