
টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুকে টোলমুক্ত ঘোষণা, দ্রুত সংস্কার এবং জননিরাপত্তা নিশ্চিতসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নাগরপুর সরকারি কলেজ গেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এলাসিন শামসুল হক সেতুকে অবিলম্বে টোলমুক্ত ঘোষণার জোর দাবি জানান।
বক্তারা বলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু জাতীয় সংসদে সেতুটি টোলমুক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তারা দ্রুত এ প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস নুরুজ্জামান রানা, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুর রহমান মনির, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকিম মিয়া, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সোহেল রানা এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাকিব সোহেল সাজু প্রমুখ।
বক্তারা তাদের ১০ দফা দাবিতে উল্লেখ করেন, সেতুর নির্মাণ ব্যয় ইতোমধ্যে উঠে গেছে—এ কারণে টোল আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি সেতু এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, নিয়মিত টহল জোরদার এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া সেতুর পিলার সুরক্ষায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চালু, রাতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত, নিয়মিত কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কার, ক্ষতিগ্রস্ত রেলিং দ্রুত মেরামত, অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণ এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার বিষয়গুলোও দাবির অন্তর্ভুক্ত করা হয়।
বক্তারা আরও বলেন, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের ভোগান্তি কমানোর আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এলাসিন শামসুল হক সেতু নাগরপুরবাসীর জীবনরেখা। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]