
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ডের মেঘডুবী পশ্চিম পাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ চলাচলের রাস্তায় বৃষ্টির পানি ও বসত বাড়ীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তায় হাটু সমান পানি জমে থাকত। এতে ওই এলাকার ১০টি পরিবারের ৩০-৪০ জন ও গার্মেন্টস শ্রমিকদেরসহ মসজিদের মুসল্লিদের নামাজের সময় চলাচলের অসুবিধা হত । সকলের অসুবিধার কথা বিবেচনা করে মেঘডুবী এলাকার বাসিন্দা গাজীপুর মহানগরের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাবেক সহ-সভাপতি, পূবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাজীব ভূইয়া এলাকাবাসীর পরামর্শ নিয়ে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেন।
এতে করে সমাজের কিছু অসাধু কু-প্রকৃতির লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি পত্রিকায় গণমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে জমি দখলের মিথ্যা অপ-প্রচার চালায়।
৬০ ঊর্ধ্ব স্থানীয় বাসিন্দা আলম ভূইয়া জানান, “আমাদের হাটার রাস্তায় অল্প মেঘ বৃষ্টি হলেই হাটু সমান পানি জইমা থাকত। এই ড্রেন বানায় দেওনে আমাগো অনেক উপকার হইতাছে”। এলাকার আরেক যুবক শিবলু ভূইয়া জানান, “যুবদল নেতা রাজীব ভাই কোনো জমি দখল করে নাই। আমাদের সকলের কথা বিবেচনা করে এই রাস্তায় কিভাবে পানি না জমে থাকে, মসজিদে যাওয়ার সময় আমাদের যেন নোংরা ময়লা পানি শরীরে না লাগে এইজন্য নিজ উদ্যোগে ড্রেন নির্মাণ করতেছে| সমাজের কিছু খারাপ প্রকৃতির লোক মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে”|
এই ব্যাপারে অভিযোগকারী নাজমুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার একটা জমি নিয়ে রাজীব ভূইয়ার পরিবারের সাথে কোর্টে মামলা চলমান আছে। ঐ জমির পাশ দিয়েই ইট দিয়ে উচু করে ড্রেন নির্মাণ করা হচ্ছে। যদি আমার সাথে পরামর্শ করে কাজ করত তাহলে এই সমস্যা হতো না। যুবদল নেতা রাজীব ভূইয়া মাদকদ্রব্য বিক্রি করে এমন একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন এটা কতটুকু সত্যতা জানতে চাইলে তিনি বলেন, সরাসরি সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন।
ড্রেন নির্মাণ কারী যুবদল নেতা রাজীব ভূইয়া বলেন, এই রাস্তাটি দিয়ে অনেক মুসল্লি মসজিদে যায় পঁচা নর্দমার পানি দিয়ে হেঁটে গেলে শরীর অপবিত্র হয়ে যায় এবং চলাচলের অসুবিধা হয়। এই কথা বিবেচনা করে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেই এতে করে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]