
নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। হস্তান্তর না হওয়ায় ভবনটি এখন পশুপাখির বিচরণক্ষেত্র আর মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ—উপজেলা প্রশাসনের গাফিলতি আর দুর্নীতির কারণেই এই দশা।
অভিযোগ উঠেছে, কাগজে-কলমে কাজ শেষ দেখিয়ে ২ বছর আগে ভবনটি বুঝে নেওয়া হলেও আজ পর্যন্ত তা মুক্তিযোদ্ধাদের হস্তান্তর করা হয়নি। ২০২১-২২ অর্থবছরে প্রায় ২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরো বিল তুলে নিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী নিচতলায় দোকান এবং উপরে আইটি সরঞ্জামসহ জাদুঘর থাকার কথা থাকলেও বাস্তবে কিছুই নেই। সরেজমিনে দেখা গেছে—ভাঙা জানালা, নিম্নমানের কাজ আর অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ। ভবনজুড়ে এখন কেবল দুর্গন্ধ আর কুকুর বিড়ালের বিচরণ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, বারবার যোগাযোগ করেও ভবন বুঝে পাচ্ছি না। সংস্কারের আশ্বাস দিলেও কাজ হচ্ছে না। অথচ ১০-১২ লাখ টাকা খরচ করলেই এটি ব্যবহারযোগ্য হতো।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের অবহেলায় ভবনটির পরিবেশ নষ্ট হয়ে গেছে। দ্রুত হস্তান্তরের দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, তিনি বলেন, ভবনটি তার সময়ের নয়, তবে পরিদর্শনে অনেক ঘাটতি পাওয়া গেছে।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, অসম্পূর্ণ কাজ কেন বুঝে নেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঠিকাদারের জামানত আটকে রেখেছি এবং নিখোঁজ সরঞ্জাম নিয়ে তদন্ত চলছে।
দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি এই সম্পদ পুরোপুরি মাদক ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]