
নারায়ণগঞ্জের ফতুল্লায় পানির ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক মারা গেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণ শ্রমিকের না রানা ও দেলোয়ার মৃধা।
নিহত দেলোয়ার মৃধা পটুয়াখালীর বাউফল থানার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে এবং রানা গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে।
দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। অন্যদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বন্ধের দিন থাকায় দেলোয়ারের সাথে কাজ করতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের পানির ট্যাঙ্কের সাটারিং খোলার কাজ চলাকালে ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন তারা। অল্প সময়ের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তারা অচেতন হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনা স্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, লালন মিয়ার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলছে। নিহত দু’জন নির্মাণ শ্রমিক। সম্প্রতি বাড়ির ভেতরেই একটি সেপটিক ট্যাঙ্কের ছাদ ঢালাই করেছে। ওই ছাদের সাটারিংয়ের কাঠ খুলতে প্রথমে এক শ্রমিক ট্যাঙ্কিতে নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে আরেকজন নামেন। এতে দু’জনই অচেতন হয়ে পড়লে ভয়ে অন্যরা ট্যাঙ্কিতে না নেমে ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্যাঙ্কি থেকে দু’জনের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের একটি টিম কাজ করছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই তাদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]