জাকসুর উদ্যোগে ফের চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:০৩
জাকসুর উদ্যোগে ফের চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পুনরায় চন্দ্রা রুটে বাস সার্ভিস চালু করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা তুলে ধরে জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান বলেন, প্রায় দেড় থেকে দুই বছর যাবত চন্দ্রা রুটের বাস সার্ভিস বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বুঝিয়ে আজ আমরা এটি পুনরায় চালু করতে পেরেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি প্রশাসনের কাছে তুলে ধরে তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দেখাব।


জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, এই রুটে বাস চালু করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। দাবিটি বাস্তবায়নে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কোষাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাই।


আগামী সপ্তাহে আরও একটি রুটে বাস চালুর ইঙ্গিত দিয়ে জিএস বলেন, আমাদের পরিবহন খাতকে অটোমেশনের আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অতীতের মতো যেনতেন অ্যাপ নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি টেকসই লাইভ ট্র্যাকিং অ্যাপ উপহার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু পরিবহন সংকট নিরসনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বাস সংকটের কারণে আমাদের কিছুটা বেগ পেতে হলেও, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চন্দ্রা রুটের বাসটি সপ্তাহে অন্তত দুদিন যেন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যায়, সে বিষয়ে আমরা প্রশাসনের সাথে আলোচনা করছি। এছাড়া খুব শিগগিরই যাত্রাবাড়ী-সাইনবোর্ড রুটেও নতুন বাস সার্ভিস চালু হবে বলে জানান তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেই আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। পরিবহন খাত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যয়বহুল খাত। বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১২টি দ্বিতল এবং ৫টি বড় বাস পরিচালিত হচ্ছে।


নতুন রুটগুলোর জন্য অর্থ বরাদ্দের বিষয়ে ইউজিসির সাথে আলোচনা হয়েছে জানিয়ে উপ-উপাচার্য কড়া নির্দেশনা দিয়ে বলেন, এই বাস সার্ভিস শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। পরিবহন শাখাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ যেন কোনোভাবেই এই বাসে না ওঠে। একইসাথে সড়কে যাতায়াতের পূর্ণ নিরাপত্তা বজায় রাখতে হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশেদুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মৃধা মো. শিবলী নোমান, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, কার্যকরী সদস্য আবু তালহা প্রমুখ।


বিবার্তা/সামিয়া/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com