
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত দুটি অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মির্জাপুর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।
অভিযানকালে উপজেলার মহিষবাথান ও আজগানা এলাকায় পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা এবং কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী আরেকটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভেকু দিয়ে কারখানা দুটির সকল স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানের সময় কারখানার মালিক বা স্বত্বাধিকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ সময় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর ও হিসাবরক্ষক মো. সোহাগ তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া মির্জাপুর উপজেলা পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]