
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে মহাসড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোনালু, জারুল ও নিম গাছের চারা রোপণের উদ্বোধন করেছে সড়ক ও জনপথ বিভাগের টাঙ্গাইল সড়ক বিভাগ।
বুধবার (১ এপ্রিল) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি এই তিনটি মূল লক্ষ্যকে সামনে রেখে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব বৃক্ষ পথচারী ও যাত্রীদের জন্য ছায়া প্রদানেও সহায়ক হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সড়কের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। আজকের কর্মসূচিতে সোনালু, জারুল ও নিম গাছের প্রায় ৫ শতাধিক চারা রোপণ করা হয়েছে।
পরিশেষে, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব, সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]