
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিবি পুলিশের এক কথিত সোর্সসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে মো. সোহান (২৫), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে শামীম ফকির (৩৫) ও কাঞ্চন মিয়ার ছেলে শুভ (২৭)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ও ডিবির অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামানকে (৩৬) একটি রামদাসহ গ্রেফতার করা হয়।
পরদিন বিকেলে ডিবির কথিত সোর্স সোহান তার দুই সহযোগীকে নিয়ে মনিরুজ্জামানের পরিবারের কাছে টাকা দাবি করেন। তাদের মাধ্যমে ১০ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপারকে দিলে আসামিকে আদালতে চালান না দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। সরল বিশ্বাসে আসামির পরিবার তাদের হাতে ওই টাকা দেন।
পরবর্তীতে আসামিকে আদালতে চালান দিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, সোহান, শামীম ও শুভ অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করেছেন। তাদের সঙ্গে ওই কর্মকর্তার কোনো পরিচয় নেই।
ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতাার করে।
নরসিংদী সদর থানার ওসি মো. আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছে। আদালতের মাধ্যমে মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কারাগারে পাঠায়।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]