
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাত দখল করে পুনরায় হকার বসানোর দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় আন্দোলনের ঘোষণা দিয়ে প্রশাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাহাঙ্গীর আলম নামে স্থানীয় এক পৌর বিএনপি নেতা।
তিনি তার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দাবি করেন, হকারদের উচ্ছেদ নয় পুনরায় হকারদের দিয়ে মহাসড়ক দখলের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।
একই সঙ্গে তিনি প্রশাসনকে এ বিষয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তার এ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
পোস্টে তিনি দলের কিছু নেতার সমালোচনা করে বলেন, সাধারণ মানুষকে ব্যবহার করেই অনেক নেতা নিজেদের অবস্থান শক্ত করেন, অথচ প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান না।
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে, তিনি আগামী ২ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনের ঘোষণা দেন এবং তা প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করেন। তার এমন বক্তব্য ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, তার বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে মহাসড়ক দখল করে হকার বসানো ও চাঁদাবাজির পেছনে তিনি নিজেই জড়িত কি না, কিংবা কারা তাকে আড়াল থেকে সহায়তা করছে।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্প্রতি সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। ঈদুল আযহা কে সামনে রেখে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে পৌর বিএনপি নেতার এমন বক্তব্যে তিনি কাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রশাসনকে, নাকি নিজ দলের নেতাকর্মীদের এ নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে সাভারবাসীর মধ্যে।
এ ঘটনায় সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]