
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখার অভিযোগে পাম্প মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।
অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল সংরক্ষিত ছিল।
এছাড়া, অকটেনের বাধ্যতামূলক ক্যালিব্রেশন চার্ট সংরক্ষণ না করায় এটিকেও বিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]