নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:৩০
নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের তিন সহোদর ভাই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর শুনে তাদের বাবা মারা গেছেন।


রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলছে।


এর জেরে রবিবার দুপুর দেড়টার দিকে খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে আছমত আলীর তিন ছেলে খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬) আহত হন। পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিন সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন আছমত আলী। এরপর নিজ বাড়িতে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, সন্তানদের আহত হওয়ার খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আছমত আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘পারিবারিক বিরোধ নিয়ে দুপুরে আপন চাচাতো ভাইদের মধ্যে মারমারি হয়েছে। এতে এক পরিবারের তিন ভাইসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘সন্ধ্যায় তিন ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে তাদের বাবা ৮০ বছর বয়সি এক বৃদ্ধ মারা গেছেন বলে শুনেছি। তবে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় আছেন। দুপুরে মারামারির ঘটনায় তিনি ছিলেন না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com