
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা তদন্তে নৌমন্ত্রণালয় গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট (ঘটনাস্থল)-সহ ঘাটগুলো পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম।
ছয় সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটির অপর সদস্যদের মধ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রতিনিধি, নৌপুলিশ প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর প্রতিনিধি,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির প্রধান মো. মুহিদুল ইসলাম বলেন,নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে এমন ঘটনা আমাদের কারোই কাম্য না।ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় আমার সবাই দোয়া করবো।সেই সাথে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস।পরে উদ্ধার অভিযান চালিয়ে নারী, শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]