
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে শিশুসহ পুলিশের হাতে এক নারী আটক হয়েছেন।
স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এসময় ওই নারীর সাথে শিশুসহ মোট ৩ সন্তান ছিল।
আটক নারীর নাম মোসা. তাহমিনা আক্তার। তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানিয়েছেন।
পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতোপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। বর্তমানে কিছু করছেন না। ৫ই আগস্টের পর থেকে একজন তৃণমুল কর্মী হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করছেন। আজ সকালে বাসে ৩ সন্তান নিয়ে একাই বাংলাদেশ আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। এছাড়াও স্ব ইচ্ছায় তিনি সন্তানদের নিয়ে এসেছিলেন বলেও উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান।
ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই নারী আওয়ামীলীগ ও শেখ হাসিনার পক্ষে থেকে এসেছিলেন, এসময় তার কাছে একটি লিফলেটও ছিল আওয়ামীলীগের নামে। এছাড়াও স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিশুদের আটক করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]