
নরসিংদীর পলাশে পৃথক স্থান থেকে মোসান্না গালিব মিম (২৮) ও শেখ শরিফ (২৭) নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত মোসান্না গালিব মিম মধ্য বাগপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং শেখ শরিফ একই গ্রামের প্রবাসী শেখ বাশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতদের পরিবার জানায়, মঙ্গলবার রাতে আমিরুল ইসলামের বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা সন্দেহ করে ঘরের কাছে যান। সেখানে রুমের দরজা বন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
পরে পুলিশ গিয়ে দরজা খুলে ভেতরে মোসান্না গালিবের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন বলে জানায় পুলিশ।
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে বাগপাড়া গ্রামে শেখ শরিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সারাদিন তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত দুই যুবক একে অপরের বন্ধু ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]