নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে: প্রতিমন্ত্রী টুকু
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৯:২১
নদী-খালের নাব্যতা ফিরলে কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের নদী ও খালের স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরিয়ে আনা গেলে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে। এজন্য সরকার দেশব্যাপী নদী ও খাল পুনরুদ্ধারে বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে।



সোমবার (১৬ মার্চ) সকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় ‘রাজ খাল’ খনন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে অনেক নদী ও খাল বর্তমানে ভরাট হয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এসব নদী-খাল খননের মাধ্যমে তাদের প্রাণ ফিরিয়ে আনতে হবে। এতে করে খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং কৃষি ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



তিনি বলেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খননের পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যায়ক্রমে প্রতিটি জেলায় নদী ও খাল খননের কাজ বাস্তবায়ন করা হবে।



প্রতিমন্ত্রী টুকু বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



গোপালপুর উপজেলার রাজ খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন প্রমুখ।


বিবার্তা/ইমরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com