
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও কথার চেয়ে কাজে বিশ্বাসী হয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে পানির স্বাভাবিক সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বড় ধরনের বিপদের সম্মুখীন হবে। তাই নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় বাঁধ দিয়ে যদি পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়, তাহলে লবণাক্ততার কারণে বাংলাদেশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। এজন্য পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত এমপি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, কৃষকের জমিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এটি কোনো লোক দেখানো উদ্যোগ নয়, বরং কৃষকদের বাস্তব উপকারে আসবে। আশা করা যাচ্ছে, আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের পূর্ণ সুফল পাবেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সমালোচনা নয়, বরং জনগণের জন্য ভালো কিছু করাই বর্তমান সরকারের লক্ষ্য।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাহফুজুল হক দানা, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান ,মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালের খনন কাজ শুরু করা হয়। এই কর্মসূচির আওতায় নরসিংদী জেলায় মোট ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]